শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৬:১৫ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, নতুন সরকার গঠন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভবিষ্যৎ পরিচালন দর্শন নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দর্শনের ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে এবং নতুন সরকার গঠনের পরও সে ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা জোরদারের আহ্বান জানান।

তিনি দাবি করেন, এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটিকে অভিনন্দন জানান তিনি।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনাতেও একই আদর্শ অনুসরণ করা হবে। তিনি জবিতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্বেষমূলক বা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। ধর্ম, মত ও পথ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content