প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ১০:০৫:১৬ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, মান্দা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ মতিন।
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তরের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে এম. এ মতিন বলেন, “বর্তমানে সারাদেশে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। এই গরম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
তিনি আরও বলেন, “গাছ কেবল অক্সিজেন দেয় না, বরং পরিবেশ রক্ষা, বৃষ্টিপাত বৃদ্ধি এবং প্রকৃতিকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার কারণে আমরা আজ প্রকৃতির প্রতিশোধের শিকার হচ্ছি।”
প্রতিশ্রুতি ও বাস্তব উদ্যোগ
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মামুনুর রশিদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদল, যুবদল নেতা নূরুল ইসলাম, ছাত্রদল সদস্য সচিব পলাশ কুমার প্রমুখ।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) মলয় কুমার ঘোষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগানো নয়, এগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি মানুষকে এই কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।”
৩০ হাজার গাছ বিতরণের টার্গেট
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে প্রায় ৩০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে প্রায় ৫-৭ হাজার গাছ বিতরণ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান মানিক, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, যুবদল নেতা অ্যাড. মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক নেতা আব্দুল হালিম দুলালসহ বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিটি স্থানীয় জনগণ এবং দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের জন্য স্থানীয় জনসাধারণ আয়োজকদের প্রশংসা করেন।





















