এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৫ , ১১:২৪:২৭ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নে বাস্তবায়নাধীন “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকার খামার বাড়ি থেকে আগত কৃষি প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন এবং ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম এই পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে শিমুলিয়া ইউনিয়নের গোপিনাথপুর মাঠে স্থাপিত পানি সাশ্রয়ী বারিড পাইপ, পলিনেট হাউজ, ফার্মার্স ক্লাইমেট স্মার্ট ক্লাব, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রদর্শনী এবং উচ্চমূল্য ফসল হিসেবে হলুদের উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী মাঠে সৌর বিদ্যুৎচালিত সেচ পাম্প ও বারিড পাইপ স্থাপনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির প্রদর্শনীও ঘুরে দেখেন কর্মকর্তারা।
প্রকল্পের আওতায় দুই ইউনিয়নের ২৪০ জন কৃষকের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি এবং উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ১০ সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করছে উপজেলা কৃষি অফিস।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা।




















