প্রচ্ছদ

ঝিকরগাছায় সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংবাদিক মহলের ক্ষোভ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩০:৪৫ প্রিন্ট সংস্করণ


সত্য সংবাদ প্রকাশের জেরে যশোরের ঝিকরগাছায় দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। মুক্তার মোড়ল নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন, যিনি নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিলেও বর্তমানে পশু চিকিৎসক হিসেবে কাজ করছেন।

মামলায় ঝিকরগাছার সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ ও মিঠুন সরকারসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের সিইএ খোরশেদ আলমকে আসামি করা হয়েছে। মামলাটি ঝিকরগাছা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০/৫০১/১০৯ ধারায় দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার মোড়ল সরকার নির্ধারিত ফি ৭৫ টাকা উপেক্ষা করে পশু চিকিৎসা ও কৃত্রিম প্রজননের নামে প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে ১,২০০ টাকা পর্যন্ত আদায় করে আসছিলেন। এ বিষয়ে ভুক্তভোগীদের সাক্ষ্য, প্রমাণ ও সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্যসহ সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা। এর জের ধরে সাংবাদিকদের ফাঁসাতে তিনি মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ঝিকরগাছার সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, “সত্য সংবাদ প্রকাশ করলেই অসাধু মহল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

জাতীয় দৈনিক খোলাকাগজ, স্থানীয় দৈনিক সত্যপাঠ ও জাতীয় সাপ্তাহিক আঁচড় পত্রিকার সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। কিছু অসাধু লোক নিজেদের স্বার্থে সাবেক সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে এই পেশাকে কলঙ্কিত করছে। সত্য সংবাদ কখনোই মিথ্যার আড়ালে চাপা পড়ে না।”

সাংবাদিক নেতারা এসব হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content