সারাদেশ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

  তাপস কুণ্ডু ঝিনাইদহ ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর ঘটনাস্থল পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট আগেভাগেই ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছিলেন। বিষয়টি জানতে পেরে শিটগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার পর কেন্দ্রটিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content