সারাদেশ

টঙ্গীতে স্কুল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  স্টাফ রিপোর্টার: ১২ মে ২০২৬ , ১:১০:৩৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে স্কুল ভবনের ষষ্ঠ তলার বারান্দা থেকে পড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পরীক্ষার ফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জান্নাতুল মারজান (১৬)। সে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার দেলোয়ার হোসেনর মেয়ে এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে সাপ্তাহিক টিউটরিয়াল পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ষষ্ঠ তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তুরাগ থানার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটির মানসিক সমস্যা ছিল এবং সে হঠাৎ রেগে যেত। পরীক্ষায় ভালো না হওয়ায় রাগের বশবর্তী হয়ে সে ভবনের বারান্দা থেকে লাফ দেয় বলে ধারণা করা হচ্ছে।

মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি), জানান, “পরীক্ষা ভালো না হওয়ায় সে ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের লিখিত আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”

আরও খবর

Sponsered content