নাহিম মিয়া,স্টাফ রিপোর্টার(সিলেট) ১৫ ডিসেম্বর ২০২৫ , ১:৩৫:২২ প্রিন্ট সংস্করণ
বিজয়ের মাস উপলক্ষে একঝাঁক তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতক উপজেলার ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিজয়ের মাস উপলক্ষে সংগঠনটির বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উপদেষ্টা বেলাল হোসেন। তিনি বলেন, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের সময়োপযোগী প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিজয়ের মাসে সংগঠনের নেওয়া কর্মসূচির সাফল্য কামনা করি। বৃক্ষরোপণ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানবজীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে, যা আল্লাহ তায়ালার এক মহান নেয়ামত।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয়ের মাস উপলক্ষে বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড ক্যাম্পিং, রক্তদানে উৎসাহ প্রদান, পরিচ্ছন্নতা অভিযান এবং দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির যাত্রা শুরু হলো, যা অক্সিজেনের পাশাপাশি পুষ্টিকর ফলও প্রদান করবে। এ জন্য সংগঠনের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আদনান হাদি বলেন, বিজয়ের মাসে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সঙ্গে বর্তমান সময়ে মানুষের অক্সিজেনের চাহিদা পূরণে এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠনের সদস্য মেরাজুল ইসলাম পাভেল, সুয়েব, তামিম, নুরুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন।




















