সারাদেশ

২৪ ঘণ্টা পরেও খোঁজ মিলেনি স্কুলছাত্রের, উদ্ধারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৭:১২:১৪ প্রিন্ট সংস্করণ

নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও খোঁজ না পাওয়ায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত’র সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী। আজ বুধবার সকাল ১১টার দিকে বীর উজলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বিএনপির একাধিক নেতা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্ত’র সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিখোঁজ অন্তকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নিরপেক্ষভাবে অনুসন্ধান চালিয়ে অন্তকে দ্রুত উদ্ধারের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক রুকন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম আসাদ, শিক্ষক ফারুক আহমেদ, বীর উজলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, কৃষক দল নেতা মজিবুর রহমান টিকা ও মুসাদ্দিকুর রহমান মুসা প্রমূখ।

মানববন্ধন শেষে অন্ত’র সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও প্রায় পাঁচ শতাধিক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান,‘থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাফসিরুল ইসলাম অন্ত’র সন্ধান পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নিখোঁজ হন তাফসিরুল ইসলাম অন্ত। নিখোঁজের মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বীর উজলী বাজারের একটি দোতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা ও স্কুলের আইডি কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা ছড়িয়ে পরে।

আরও খবর

Sponsered content