প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১২:০০:৩৮ প্রিন্ট সংস্করণ
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা নবম রাতের মতো নতুন দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সময় রোববার সন্ধ্যায় এ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু হয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সোমবার স্থানীয় সময় জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির একাধিক শহরে হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ওমান উপসাগর তীরবর্তী চাবাহার ও কোনারাক, পারস্য উপসাগর উপকূলের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি, হরমুজ প্রণালির উপকূলীয় শহর জাস্ক ও সিরিক এবং বন্দরনগরী বুশেহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রাষ্ট্রীয় গণমাধ্যমও এসব এলাকায় হামলা ও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। একইভাবে, যুক্তরাষ্ট্রও হামলার লক্ষ্যবস্তু বা অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।





















