মোহাম্মদ হোসাইন, কক্সবাজার ৬ জুন ২০২৬ , ৫:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচার চক্রের সক্রিয় ৯ সদস্যকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গভীর সমুদ্রের দিকে যাওয়া একটি সন্দেহভাজন বোটকে ধাওয়া করে আটক করা হয়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বোটটি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে আসে।
পরে বোটে তল্লাশি চালিয়ে ৫০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন বলে জানা গেছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে টেকনাফে নিয়ে আসা হয়। এরপর কয়েকদিন গোপন আস্তানায় আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছিল।
উদ্ধার হওয়া কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, পাচারকারীরা তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছে। পাশাপাশি অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনাও ঘটেছে বলে তারা জানিয়েছেন।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, মানব পাচার প্রতিরোধে উপকূলীয় এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমন এবং মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক ৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ প্রতিরোধে কোস্ট গার্ডের এ সফল অভিযানের প্রশংসা করেছে। তারা মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















