জাতীয়

ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা মান্দা উপজেলা বিএনপির

  নওগাঁ প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৫ , ৮:৩৫:৪০ প্রিন্ট সংস্করণ


দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মান্দা উপজেলা বিএনপি তাদের সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের মনসুর মৃধার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, আলহাজ্ব মন্টু মৃধা, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান বলেন,“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. ইকরামুল বারী টিপু সম্প্রতি বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।”

তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর এশিয়ান টিভির এক অনুষ্ঠানে ডা. টিপু মামলা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করেছেন, যা দলের অবস্থানের পরিপন্থী।

বক্তারা অভিযোগ করেন, ডা. টিপু দীর্ঘদিন ধরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের অবহিত না করে নিজস্ব সভা-সমাবেশ করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছেন। এমনকি অতীতে মুনসুর মৃধা হত্যা মামলার ১ নম্বর আসামি (মামলা নং ৫, তারিখ ১১/০৩/২০০৪, জি.আর. ৩২/২০০৪) হিসেবেও তিনি অভিযুক্ত ছিলেন, যার পর দল থেকে বহিষ্কৃত হন।

তাছাড়া ২০০৬ সালে সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগ দেওয়া এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।

বক্তারা বলেন,“তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি গঠনের আহ্বান থাকা সত্ত্বেও ডা. টিপু সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।”

সংবাদ সম্মেলনে শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়—“ডা. ইকরামুল বারী টিপুর আদর্শবিরোধী কর্মকাণ্ড, মিথ্যাচার ও শৃঙ্খলাভঙ্গের দায়ভার মান্দা উপজেলা বিএনপি বহন করবে না। তাই তার সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির স্থানীয় নেতৃত্ব ঐক্যবদ্ধ সংগঠন গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content