বিনোদন

তারা সুতারিয়া–বীর পাহাড়িয়ার সম্পর্কে ভাঙনের গুঞ্জন, নেপথ্যে কনসার্ট বিতর্ক?

  বিনোদন ডেস্ক : ৯ জানুয়ারি ২০২৬ , ৩:১৩:৩১ প্রিন্ট সংস্করণ


বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুদিন আগেও সুখের কথাই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তবে সাম্প্রতিক এক ঘটনার পর বলিউডে জোর গুঞ্জন উঠেছে— এই প্রেমের সফরে নাকি ইতি টেনেছেন তারা ও বীর।

গুঞ্জনের সূত্র একটি লাইভ কনসার্ট। জনপ্রিয় গায়ক এপি ঢিল্লোর এক অনুষ্ঠানে দর্শকের আসনে বীর পাহাড়িয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তারা সুতারিয়া। একপর্যায়ে তারা মঞ্চে উঠলে আলিঙ্গনের মধ্যেই এপি ঢিল্লো তারার গালে চুম্বন করেন। ওই সময় দর্শকদের মাঝেই দাঁড়িয়ে ছিলেন বীর। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ দাবি করেন, প্রকাশ্য মঞ্চে এই ঘটনাই নাকি তাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারা ও বীর নাকি খুব গোপনীয়তা বজায় রেখেই নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন। যদিও বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। অনুরাগীদের একাংশের ধারণা, মঞ্চে এপি ঢিল্লোর সঙ্গে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর পাহাড়িয়া।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন তারা সুতারিয়া। এর জবাবে অভিনেত্রী একটি পোস্টে লেখেন,
“ভুল তথ্য, চতুর সম্পাদনা আর টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। শেষ পর্যন্ত ভালোবাসা আর সত্যেরই জয় হয়।”

ওই পোস্টে বীর পাহাড়িয়া মন্তব্য করে জানান, তার প্রতিক্রিয়ার ভিডিওটি অন্য একটি গানের সময় ধারণ করা, ‘থোড়ি সি দারু’ পারফরম্যান্সের নয়। তবে কিছু সময় পর সেই মন্তব্যটি আর দেখা যায়নি, যা থেকে জল্পনা আরও ঘনীভূত হয়।

যদিও এখনো তারা ও বীর একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন এবং একসঙ্গে তোলা ছবিও তাদের প্রোফাইলে রয়ে গেছে। সম্পর্ক ভাঙার বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

উল্লেখ্য, আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

আরও খবর

Sponsered content