চাকরি

তেঁতুলিয়ায় কৃষকের ১৪ শত লাউ ও ধুন্দল গাছ কেটে দিল দুর্বৃত্তরা

  স্টাফ রিপোর্টার ২১ আগস্ট ২০২৫ , ১২:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দরিদ্র কৃষকের লিজ নেওয়া জমির ১৪ শত লাউ ও ধুন্দল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম হতাশায় ভেঙে পড়েছেন ওই কৃষক।

ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকায়। জানা যায়, শালবাহান ইউনিয়নের মাঝি এলাকার কৃষক ইকবাল হোসেন ধারদেনা করে ১ একর ৫০ শতক জমি লিজ নিয়ে আগাম সবজি চাষাবাদ করেছিলেন। বুধবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, রাতের আঁধারে দুর্বৃত্তরা সব গাছ কেটে দিয়েছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

৩৫ বছর ধরে অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন ইকবাল হোসেন। এবছরও তিনি প্রায় ৪ লাখ টাকা দাদন নিয়ে সবজির চাষ করেছিলেন। কিন্তু ফসল নষ্ট হওয়ায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

ইকবালের কান্নার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়রা এ নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, লাউ ও ধুন্দল গাছের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content