প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১২:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৯) ও পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় দুইদিন পর আজ রোববার ভোরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার আশপাশ থেকে শফিকুল ইসলাম তুলু নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। দিনভর হাওরের বিভিন্ন দর্শনীয় এলাকা ঘুরে দেখার পর বিকেল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা মেরামতের জন্য অপেক্ষা করার সময় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম তুলু গভীর পানির দিকে চলে গেলে হঠাৎ তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা অন্য দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে হারিয়ে যান। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ রোববার সকাল ৬টার দিকে কাঁঠালিয়া এলাকার আশপাশে হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শফিকুল ইসলাম তুলুর বলে শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।
এদিকে গত শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে সিরাজ উদ্দিন মোড়ল (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি।
আজ রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, শুক্রবার সকালে ঘাস কাটতে গিয়ে ফেরার পথে নৌকাডুবে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।





















