আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার রাস্তায় এলোপাতাড়ি গুলি, নিহত ১০

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ১:১০:৫৮ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ছোট শহরে খোলা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২১ ডিসেম্বর) জোহানেসবার্গ পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এ ঘটনা ঘটেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা কিছু ভুক্তভোগীকে এলোপাতাড়ি গুলি করেছে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

গৌতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেছেন, ‘হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অপরাধের প্রবণতা বেড়েছে। এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়।

আরও খবর

Sponsered content