প্রচ্ছদ » সারাদেশ » দিনাজপুরে একদিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
দিনাজপুরে একদিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:০৪:৫৪প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরে একদিনে পৃথক দুই উপজেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন, সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ফাতেমা বেগম (১৭) এবং চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুনমুন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাতেমা বেগম। এর আগে একই দিন সকাল প্রায় ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুনমুন।
ফাতেমা বেগম সদর উপজেলার করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মুনমুন চিরিরবন্দর উপজেলার সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তারা দুজনই আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী এবং চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী গণমাধ্যমকে জানান, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।