রাজনীতি

দেবিদ্বারে রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও অভিভাবক সমাবেশ

  স্টাফ রিপোর্টার : ২৯ আগস্ট ২০২৫ , ১১:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ


কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়ান্টিফোর প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অফিসার রোমান হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। বর্তমান সরকার তাদের সাবলম্বী করতে ভাতা, আর্থিক সহায়তা, তথ্যভান্ডার তৈরি, আইন ও নীতিমালা প্রণয়ন, সরকারি চাকরিতে কোটা সুবিধা, সহায়ক উপকরণ, প্রশিক্ষণ ও বিশেষায়িত সেবা কেন্দ্রসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।” তিনি রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন, “এটি দেবিদ্বারের প্রথম প্রতিবন্ধী স্কুল। শিক্ষকরা গত পাঁচ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। আমি প্রতিমাসে স্কুলের জন্য অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ভবিষ্যতে নির্বাচিত হলে স্কুল ভবন নির্মাণেও সবধরনের সহযোগিতা করব।”

সভাপতির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ বলেন, “প্রতিবন্ধীরাও মহান আল্লাহর সৃষ্টি। তাদের অবহেলা করা উচিত নয়, বরং সবার প্রতি সম্মান দেখিয়ে অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি জানান, সাংবাদিক সংগঠন হওয়ার পাশাপাশি প্রেস কাউন্সিল মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে। সংগঠনের সভাপতি শেখ তিতুমীর আকাশের নেতৃত্বে প্রতিবন্ধী স্কুল, এতিমখানা ও নানা সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রয়েছে। রাজামেহার আদর্শ বিদ্যালয়ের জন্য সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করার আশ্বাস দেন তিনি।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের দপ্তর সম্পাদক সেলিম খান বাপ্পি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তামান্না আক্তার লাভলী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী নাহিদা আক্তার লাকী, এডভোকেট মুজিবুর রহমান, জাতীয় যুব পদকপ্রাপ্ত মুছা সিকদার, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংবাদিক মামুনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

আরও খবর

Sponsered content