প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৪:৫৭ প্রিন্ট সংস্করণ
দেরিতে উপস্থিত হওয়ায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। পরে তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ শুরু হতেই তিনি কক্ষ ত্যাগ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ নিজ আসনের নাম উল্লেখ করে স্বাক্ষর করেন। এর আগেই ইশরাক হোসেন শপথ কক্ষ থেকে বেরিয়ে যান।
একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ না নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকেও কক্ষ ত্যাগ করতে দেখা যায়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এদিকে বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।














