সারাদেশ

দৌলতপুরে সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

  কুষ্টিয়া জেলা প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:১৪ প্রিন্ট সংস্করণ

 

কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি–এর আওতাধীন নির্বাচনী এলাকা কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় মোট ১৪.৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সকল উপজেলায় বিজিবির বেইজ ক্যাম্প স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী তারা দায়িত্বে থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content