সারাদেশ

নওগাঁর মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  নওগাঁ প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৫:২৭ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দায় পানের বরজের ওয়াসি বোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজু মিয়া (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সবরিতলা ও নীলকুঠি এলাকার মাঝামাঝি স্থানে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কুমুন্নায় গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১ নম্বরের পানের ওয়াসি বোঝাই ট্রাকটি রাজশাহীর বাগমারাগামী ছিল। সবরিতলা মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি বালুবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পানের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক সাজু মিয়া কেবিনেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সম্ভবত আধো ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই পেছন থেকে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

আরও খবর

Sponsered content