হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১২ জুন ২০২৬ , ১০:১২:৫৩ প্রিন্ট সংস্করণ
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে অব্যাহত পুশইনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ১১ দলীয় জোট।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি কফিল উদ্দীন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সীমান্তে নিরস্ত্র ও নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এসব ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভারত থেকে অব্যাহত পুশইন বন্ধে সরকারের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিষয়ে দেশবাসীকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




















