অপরাধ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  মাহবুবুজ্জামান সেতু নওগাঁ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁয় মান্দা থানা পুলিশ-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি-এর নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি দল উপজেলার সতীহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়ন-এর শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার যোগেন ঋষির মেয়ে ও নিমাই ঋষির স্ত্রী আদরি ঋষি (২৮) এবং প্রসাদপুর ইউনিয়ন-এর গোবিন্দপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২১)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আদরি ঋষির বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রেখেছিল।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আদরি ঋষি ও মোহাম্মদ তারেক বেশ কিছুদিন ধরে সতীহাট এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মোহাম্মদ তারেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী আদরি ঋষিও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন, যা এলাকার যুবসমাজকে বিপথগামী করছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকসেবন ও মাদক ব্যবসা সহ্য করা হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা বৃহত্তর কোনো মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে—এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content