সাঈদ ইবনে হানিফ: ২০ জুলাই ২০২৬ , ৭:০৩:০৮ প্রিন্ট সংস্করণ
যশোরের বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুন্দিয়া মোড় বাজারের রেললাইনের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, সদর উপজেলা জামায়াতের আমির মীর আশরাফ আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হুসাইন, কর্মপরিষদ সদস্য মো. নুরুন্নবী ও তৌহিদুল ইসলাম বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

f
সভায় সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মজিদ।
বক্তারা জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা স্মরণ করে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধারা আমাদের অনুপ্রেরণার উৎস। তারা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”
তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।















