নওগাঁ প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ৯:২৪:১৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় কালোবাজারির অভিযোগে মো. উজ্জল সাকিদার নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত মো. বাবু মণ্ডল (৫৬)সহ কয়েকজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে। পরে তিনি মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মূল অভিযুক্ত বাবু মণ্ডলের বসতবাড়ির পাশের একটি টিনশেড রান্নাঘর থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করে।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিন্দইন ব্রিজ মোড় এলাকায় তল্লাশির সময় মৈনম বাজারমুখী একটি ভ্যান থামিয়ে চালের বস্তাসহ ভ্যানচালক উজ্জল সাকিদারকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল স্বীকার করেন, সরকারি চাল বাবু মণ্ডলের বাড়িতে সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছিল এবং পরে তা অধিক মূল্যে কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা একে অপরের সহযোগিতায় সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মূল অভিযুক্ত বাবু মণ্ডলসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।





















