নুরুজ্জামান শেখ ।। গাজীপুর ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১৯:১৩ প্রিন্ট সংস্করণ
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর মহানগর এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকার সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত জনসমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি এড়ানো এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















