স্টাফ রিপোর্টারঃ ৩১ আগস্ট ২০২৫ , ১:০০:৩৪ প্রিন্ট সংস্করণ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন।
রবিবার সকাল ১০টা ৭ মিনিটে রাষ্ট্রপতি ফোন করে নুরের অবস্থার খোঁজ নেন বলে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে।















