প্রচ্ছদ

নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৫ , ১:১৮:১৪ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূ সাঈদা আক্তার পপি (২৫) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বসুরহাট জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত পপি মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মক্কা নগরের শফি উল্যাহ শিপনের স্ত্রী এবং শামসুদ্দিন কাজলের মেয়ে। ঘটনার দিন ২৩ জুলাই রাতে পাঞ্জাবি আলাদের বাড়িতে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

মানববন্ধনে নিহতের মা খাইরুন নাহার, চাচা আব্দুল কাইয়ুব, খালাতো বোন আমেনা বিনতে রহিম অথৈই, চাচাতো বোন উপর্ণা, খালু আব্দুর রহীম মাসুদ, শাহজাহান খোনার, মামা মো. কামাল উদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা জানান, পপি ও শিপনের বিয়ে হয় ৭ বছর আগে। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শিপন ও তার পরিবারের পক্ষ থেকে পপির ওপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করা হতো। নির্যাতনের একপর্যায়ে তাকে হত্যা করা হয় এবং আত্মহত্যার নাটক সাজিয়ে মরদেহ রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

নিহতের মা খাইরুন নাহার বলেন, থানায় মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি মেয়ের হত্যার বিচার দাবি করেন।

এ বিষয়ে একাধিকবার অভিযুক্ত স্বামী শিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মরদেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়, গলায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে শ্বশুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content