রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:০৫:২০ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোস চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা মোড় কোস চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, পৌর সেক্রেটারি অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর ছাত্রশিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদির মুন্না এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাজেদুর ইসলাম জীবন চৌধুরীসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ দেশে গণতান্ত্রিক পরিবেশে এভাবে সমবেত হয়ে নামাজ আদায় সম্ভব হতো না। তারা বলেন, এই বাংলার মাটিতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।




















