পার্বতীপুর প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০২:৪৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) গণতন্ত্র, ভোটাধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১২টায় এই নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর–৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা (অন্তর্বর্তীকালীন সরকার) ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা সারমিন এবং কেন্দ্রীয় যুবশক্তি এনসিপির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বাইতুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবির পার্বতীপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল গালিবসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ১১ দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।




















