প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৯:২০:৩৪ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ শুরুর আগে যেমন শিরোপার অন্যতম প্রধান দাবিদার ছিল স্পেন, ফাইনালের আগেও ঠিক একই অবস্থানে রয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রোববারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকেই এগিয়ে রাখছেন বাজি বিশ্লেষকেরা।
বাজি নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার চেয়ে বেশি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পরও লিওনেল মেসির দলকে পিছিয়ে রাখা হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনায় স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। এরপর রয়েছে ড্রয়ের সম্ভাবনা, আর জয়ের সম্ভাবনায় তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।
১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার সময়ও স্পেন ছিল শিরোপার প্রধান দাবিদার। তখন তাদের ঠিক পেছনেই ছিল ফ্রান্স।
তবে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর নকআউট পর্ব শুরুর আগে ফ্রান্সই শিরোপার প্রধান দাবিদার হিসেবে এগিয়ে যায়।
পরে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে টানা ৩৭তম জয় তুলে নেয় স্পেন। এর মাধ্যমে জাতীয় দলের ইতিহাসে ইতালির টানা জয়ের রেকর্ড স্পর্শ করে তারা।
২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ছয় দেখায় চারটিতেই জয় পেয়েছে তারা। যদিও দুই দলের শেষ লড়াই হয়েছিল ২০১৮ সালে।
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিরোপার দৌড়ে খুব বেশি এগিয়ে ছিল না। তবে টুর্নামেন্টজুড়ে তাদের দারুণ পারফরম্যান্স বাজির বাজারেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বিশ্বকাপকে ঘিরে বাজির পরিমাণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় দুটি ক্রীড়া আসর—বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরুষ বাস্কেটবল প্রতিযোগিতা এবং পেশাদার আমেরিকান ফুটবলের শিরোপা ম্যাচ—উভয়কেই ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে।
একটি পূর্বাভাসভিত্তিক বাজারের তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে ঘিরে মোট লেনদেন ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু শিরোপাজয়ী দল নিয়ে লেনদেন হয়েছে ১২০ কোটি মার্কিন ডলারের বেশি।
আরেকটি বাজি প্রতিষ্ঠান জানিয়েছে, সেমিফাইনালের আগে বাকি চার দলের মধ্যে তাদের সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি ছিল ফ্রান্সকে ঘিরে। একই সঙ্গে পুরো বিশ্বকাপে সবচেয়ে জনপ্রিয় যৌথ বাজি ছিল, ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি গোল করবেন—এমন পূর্বাভাস।
তবে সেমিফাইনালে মেসি নিজে গোল করতে না পারলেও আর্জেন্টিনার দুটি গোলেই সহায়তা করে দলের ফাইনাল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।





















