জাতীয়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:২৮:০৪ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার কাতার দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

একই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।

চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে আনা-নেওয়া করা হয় তাকে।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

আরও খবর

Sponsered content