প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১৯:০৩ প্রিন্ট সংস্করণ
মার্সিসাইডে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের স্বপ্ন ভেঙে দিল এভারটন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আইন্সলি মেইটল্যান্ড-নাইলসের দুর্দান্ত গোলে ২-২ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই।
ম্যাচের ৮৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন বেনজামিন শেশকো। এর মাত্র পাঁচ মিনিট আগে টাইরিক জর্জের গোলে সমতায় ফিরেছিল এভারটন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিতই ভেবেছিল ইউনাইটেড।
কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে ইউনাইটেডের আনন্দ বিষাদে পরিণত হয়। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন মেইটল্যান্ড-নাইলস। ম্যাচের শেষ কিকেই পাওয়া সেই গোলে ২-২ সমতা ফেরায় এভারটন।
উত্তেজনায় ঠাসা ম্যাচটির প্রথমার্ধ ছিল বেশ সমানতালে। দুই দলই আক্রমণে উঠলেও বিরতির আগে কেউ গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে যেন পাল্টে যায় ম্যাচের চিত্র। চার গোলের দেখা মেলে এই সময়ে, যার তিনটিই এসেছে ৮০ মিনিটের পর।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ একক প্রচেষ্টায় ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবেউমো। ক্যামেরুনের এই ফরোয়ার্ড এভারটনের রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে নিচের বাঁ কোণে দুর্দান্ত শটে বল পাঠান।
তবে প্রথম তিন ম্যাচ শেষে এখনো অপরাজিত এভারটন হাল ছাড়েনি। নতুন দলে যোগ দেওয়া হেইডেন হ্যাকনির চমৎকার পাস থেকে বল পেয়ে সংকীর্ণ কোণ থেকে জোরালো শটে গোল করেন টাইরিক জর্জ। তাতেই সমতায় ফেরে এভারটন।
গত সপ্তাহে ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারানোর পর টানা দ্বিতীয় জয় পাওয়ার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কিন্তু দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হওয়ায় হতাশ হতে হবে কোচ মাইকেল কারিককে।
প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচের কোনোটিতেই গোল হজম থেকে নিজেদের রক্ষা করতে পারেনি ইউনাইটেড। হাল সিটির বিপক্ষেও তারা দুটি গোল খেয়েছিল। ফলে দলের রক্ষণভাগ দ্রুত শক্তিশালী করাই এখন কারিকের অন্যতম প্রধান কাজ হয়ে উঠবে।
অন্যদিকে, মৌসুমের শুরুতেই এভারটনকে হারানো কঠিন হয়ে উঠছে। গত সপ্তাহে বোর্নমাউথের বিপক্ষেও যোগ করা সময়ে জেমস টারকোভস্কির গোলে এক পয়েন্ট উদ্ধার করেছিল তারা।
দলবদলের শেষ দিনেও হতাশ হতে হয়েছে এভারটনকে। শেষ মুহূর্তে ফলারিন বালোগানের দলবদলের চুক্তি ভেস্তে যাওয়ার পর ইলিমান দিয়ায়ে ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ায় দলে মাত্র একজন স্ট্রাইকার, থিয়ের্নো বারি, রয়েছেন। তবে দলের লড়াকু মানসিকতা দেখে খুশি হওয়ার যথেষ্ট কারণ পাচ্ছেন কোচ ডেভিড ময়েস।





















