ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৬:০৭:১২ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খননের দায়ে এক কৃষককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকার মোহাম্মদ রিপন মিয়া অনুমোদন ছাড়াই কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করছেন—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও দিলারা আক্তার বলেন, “কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”




















