সারাদেশ

বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া। ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দি স্ট্রাইকিং টুয়েলভ ১১১ পদাতিক ব্রিগেড সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের আয়োজনে সভাটি মঙ্গলবার সকালে ক্যাম্পের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, গাবতলি, আদমদিঘী, কাহালু এবং সোনাতলা উপজেলার আর্মি ক্যাম্পের ইনচার্জ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকল উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ এবং সকল উপজেলার আনসার ভিডিপির কমান্ডারের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধিনায়ক, ১২ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাওলা সাগর, পি এস সি। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং বিভিন্ন কেন্দ্রের ঝুঁকিসমূহ বিশদভাবে পর্যালোচনা করা হয়। সকল অফিসার ইনচার্জগন তাদের আওতাধীন থানার ঝুকিপূর্ণ কেন্দ্র, মনোনীত প্রার্থী এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিষয়ে ক্যাম্প কমান্ডারগণকে অবহিত করেন। অধিনায়ক, ১২ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট উপস্থিত সকল অফিসার ইনচার্জকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সমন্বিতভাবে কাজ করা এবং যেকোনও প্রয়োজনে ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের অধীনে ২ টি অপারেশন বেস স্থাপন করা হবে, যার একটি চর এলাকায় অবস্থান করবে বলে সকলকে অবহিত করেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ক বিশদ আলোচনা হয়। এছাড়া উপজেলাগুলোকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, নিয়মিত টহল বৃদ্ধি এবং উপজেলার সকল প্রকার অনিয়ম দূর করে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাব্বির হোসেন, সোনাতলা ক্যাম্প ইনচার্জ মেজর মোহাম্মদ আতিকুল ইসলাম শুভ, দুপচাঁচিয়া ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক উস সালেহীন, আদমদিঘী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সালাহউদ্দিন ভুঁইয়া, কাহালু ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোঃ সাদিকুর রহমান, গাবতলি ক্যাম্প ইনচার্জ তানভীর আরাফাত স্বপ্নীল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, গাবতলি থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, কাহালু থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ।

আরও খবর

Sponsered content