বিনোদন

‘বিশ্বকাপ এলে সেই উন্মাদনা আবার ফিরে আসে’

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১:০৩:৩২ প্রিন্ট সংস্করণ

ফুটবলের জ্বরে কাঁপছে বিশ্ব। প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, সমর্থন ও আবেগে ভরে উঠেছে পাড়া-মহল্লা থেকে নেটদুনিয়া। অন্য সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এই অভিনেতা জানান, ছোটবেলা থেকেই তিনি দিয়েগো ম্যারাডোনার খেলার ভক্ত। আর সে কারণেই তার আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠা।

চঞ্চলের কথায়, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা করি। স্কুলজীবনে নিয়মিত ফুটবল খেলতাম। পাবনার সুজানগরের উদয়পুর হাইস্কুলে পড়ার সময় বিভিন্ন টুর্নামেন্ট ও ইউনিয়নভিত্তিক দলের হয়ে খেলেছি, বেশ কিছু গোলও করার স্মৃতি আছে।’

অভিনয়ের ব্যস্ততায় মাঠে একদমই নামা হয় না চঞ্চল চৌধুরীর। তবে ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। বিশ্বকাপ এলে সেই উন্মাদনা আবার ফিরে আসে।

এবারের বিশ্বকাপে প্রিয় দলের খেলা দেখার জন্য এই অভিনেতা শুটিংয়ের সময়সূচি পরিবর্তন করে নিয়েছেন। তার কথায়, ‘প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচ থাকলে চেষ্টা করি অন্য কোনো কাজ না রাখতে।’

অভিনেতার বিশ্বাস- গতবারের মতো এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা দারুণ ফুটবল উপহার দেবে এবং সমর্থকদের আনন্দ দেবে।

ফুটবলের সেই জোয়ার আর উচ্ছ্বাস যেন রেষারেষি পর্যায়ে না যায়- সেই প্রত্যাশা জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার মতে, ফুটবলটা হোক শুধুই বিনোদন, কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়, নিজেদের মধ্যে যেন কোনো প্রতিদ্বন্দিতা না থাকে।

আরও খবর

Sponsered content