প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১:৩২:৪১ প্রিন্ট সংস্করণ
ফ্রান্সের দক্ষিণ উপকূলে কান সৈকতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। প্রতি বছরের মতো এবারও তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে লালগালিচা। তবে এবারের উৎসবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বলিউডের দুই প্রজন্মের দুই তারকাকে ঘিরে। দীর্ঘদিন ধরে কান উৎসবে ভারতীয় গ্ল্যামারের প্রতীক হয়ে থাকা ঐশ্বরিয়া রাই-কে এবার দেখা যায়নি আগের মতো আলোচনার কেন্দ্রে। তার পরিবর্তে নজর কেড়েছেন আলিয়া ভাট। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া।
২০০৪ সাল থেকে আন্তর্জাতিক এক প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। তার স্টাইল, ফ্যাশন ও উপস্থিতি বরাবরই আলোচনায় থেকেছে। কখনো প্রশংসা, কখনো সমালোচনা-সব মিলিয়ে কান উৎসবের সঙ্গে যেন সমার্থক হয়ে উঠেছিল তার নাম।
তবে এবার সেই ব্র্যান্ডের প্রচারণায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি নজর কেড়েছে সবার। কান উৎসব চলাকালে ফ্রান্সের বিখ্যাত ‘হোটেল মার্টিনেজ’-এ ব্র্যান্ডটির যেসব অ্যাম্বাসেডরের পোস্টার টাঙানো হয়েছে, সেখানে ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস ও হেলেন মিরেনের পাশাপাশি জায়গা পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু সেখানে দেখা যায়নি ঐশ্বরিয়াকে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন ঐশ্বরিয়াকে এবার দেখা গেল না। কেউ কেউ আবার আলিয়া ভাটকে নিয়েও কটাক্ষ করেন। অনেকে মন্তব্য করেন, ঐশ্বরিয়ার জায়গায় আলিয়াকে মেনে নিতে পারছেন না তারা।
জানা গেছে, ২০২৫ সালেই সংশ্লিষ্ট প্রসাধনী ব্র্যান্ডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন আলিয়া ভাট। সেই সূত্র ধরেই এবার কানে তার উপস্থিতি। তবে ফরাসি রিভেরায় অভিনেত্রীর এই উপস্থিতি বিতর্ক এড়াতে পারেনি।
এর আগেও ২০২৩ সালের মেট গালায় অংশ নিতে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন আলিয়া। সেখানে কয়েকজন বিদেশি আলোকচিত্রী তাকে ‘ঐশ্বরিয়া’ বলে সম্বোধন করেছিলেন, যা নিয়েও সে সময় আলোচনা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, কান উদ্বোধনের দিন আলিয়া এসেছিলেন স্নিগ্ধ সাজে। রিয়া কাপুরের স্টাইলে তামারা রাল্ফের নকশা করা পিচ রঙের ক্যুচার গাউন গায় চাপিয়েছিলেন তিনি। রাহার মায়ের গলা জড়িয়েছিল প্রবাল ও হীরার একটি নেকলেস। রেড কার্পেটে যেন ফ্যাকাশে কমলা রঙয়ের ফুল হয়ে শোভা ছড়াচ্ছিলেন তিনি।











