প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ২:২২:১৪ প্রিন্ট সংস্করণ
ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ মৌসুমের তৃতীয় গানটির নাম ‘পাতার বাঁশরি’। এর কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।
‘পাতার বাঁশরি’ মূলত একটি প্রেমের গান। এখানে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার তার হৃদয়ের টান অনুভব করেন। নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন।
গানটিতে ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না-বলা কথাগুলো উঠে এসেছে। শুধু গান নয়, এর মিউজিক ভিডিও-ও দর্শকের নজর কাড়তে পারে। ভিডিওটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও-এ। গানের গল্পের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে লোকেশনটি। পুরোনো দিনের স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ ভিডিওটিতে আলাদা সৌন্দর্য যোগ করেছে। ঐতিহাসিক স্থাপনা আর শান্ত পরিবেশ প্রেমের গল্পটিকে আরও সুন্দর করে তুলেছে।
প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আর দূরে থাকার কষ্ট- দুই অনুভূতিই গানটিতে ধরা পড়েছে। ভালোবাসার ছোট ছোট অনুভূতিগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। গানের কথা, সুর আর দুই শিল্পীর কণ্ঠে ভালোবাসা ও বিরহের অনুভূতি ফুটে উঠেছে। অনুভূতির এই গান অনেকের নিজের ভালোবাসার গল্প মনে করিয়ে দিতে পারে।
‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলা’র সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হয়েছে।



