স্টাফ রিপোর্টার ৩ জুন ২০২৫ , ১২:০৫:০০ প্রিন্ট সংস্করণ
রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৬১ কেজি গাঁজা ও গাজাঁ পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এনামুল হক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শিবগঞ্জ উপজেলার মহাসড়কে মাদক বিরোধী অভিযানে প্রাইভেট কার তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ হাতেনাতে তিনজন কারবারিকে গ্রেপ্তার করা হয়। মহাসড়ক পথে প্রাইভেট কারে অভিনব কায়দায় মাদক পাচার করছিল সংঘবদ্ধ অপরাধীরা।
রোববার রাত ১১টায় শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলি ইউনিয়নের রহবল মৌজাস্থ জনৈক আশরাফ আলীর ইট ভাটার সামনে রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার পূর্ব পাশে রাস্তায় অভিযান পরিচালনাকালে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান মাহমুদের ছেলে মিলন বাবু (২৩), মনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ মিয়ার ছেলে সুজন বাদশা (২৪) কে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিল তিন মাদক কারবারি। তথ্য পেয়ে শিবগঞ্জের দেউলি ইউনিয়নের রহবল এলাকার ইট ভাটার সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাশেদ মন্ডল /এমআই





















