বগুড়া জেলা প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ
বগুড়ার কাহালু উপজেলায় টিউবওয়েলের পানি নেয়া ও বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি মোছা. রূপালী (৩৮) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে। নিহত রূপালী ওই গ্রামের পলাশের স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তার স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬০) ও মা মরিয়মকে (৫৫) গ্রেফতার করেছে।
জানা গেছে, টিউবওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে পাল্লাপাড়া গ্রামের রাশেদের ছেলে মো. পলাশ (৪২) এবং ছোট (বৈমাত্র ভাই) মোজাম্মেল হকের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। আগের ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত ৯ টার দিকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়াসহ হাতাহাতি শুরু হয় এসময় মোজাম্মেল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাবি রূপালীর পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
রূপালীকে প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পলাশ, মোজাম্মেল ও আফরোজা আহত হন। আহতদের মধ্যে পলাশ, মোজাম্মেল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে রূপালীর মরদেহ ময়না তদন্তের মর্গে রাখা হয়েছে। এদিকে আহত মোজাম্মেল ওই হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, রূপালী হত্যার ঘটনায় কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে এবং নিহত রূপালীর ভাই সুমন বাদি হয়ে চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সামিদুল ইসলাম /এমআই




















