মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৭:৫১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকায় একটি কবরস্থানে পুঁতে রাখা ৬-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে কবরস্থানের পাশের একটি সীমানা প্রাচীর ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা মামুন জানান, “ভোরে হঠাৎ ককটেলের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাড়ি থেকে বের হয়ে কবরস্থানে গিয়ে দেখি প্রাচীর ভেঙে গেছে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত দেখে ধারণা করা হচ্ছে—মজুত রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এসব ককটেল মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















