নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৩ মে ২০২৬ , ৮:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানী থানাধীন সাততলা ও কড়াইল এলাকায় চিহ্নিত মাদক কারবারি মঞ্জুর ঢালীর বিরুদ্ধে মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার নেতৃত্বাধীন চক্রের কারণে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে, মাদক কারবারে বাধা দিলে বা প্রতিবাদ করলে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, সাততলা ও আশপাশের এলাকায় মঞ্জুর ঢালীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন সংবাদকর্মীকেও হুমকি দেওয়া হয়। অনুসন্ধান সংশ্লিষ্টদের দাবি, মঞ্জুর ঢালী নিজেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের পরিচয়ে পরিচিত করে থাকেন এবং সেটিকে প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কড়াইল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি জিল্লুর রহমানকে মঞ্জুর ঢালীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, তারা যৌথভাবে এলাকায় মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“মঞ্জুর ঢালী নামের কোনো ব্যক্তির সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি যদি দলের পরিচয় ব্যবহার করে থাকেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।”
সাততলা এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন,
“মাদকের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,
“মঞ্জুর ঢালী ও জিল্লুর রহমানের বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। সাংবাদিকদের হুমকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তবে অভিযুক্ত মঞ্জুর ঢালীর বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।




















