নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১ এপ্রিল ২০২৬ , ১২:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানীতে অবস্থিত বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অনিয়ম, কোচিং বাণিজ্য এবং ছাত্রীদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান বন্ধ রাখতে শিক্ষার্থীদের বাধ্য করা হয়। এতে গরমে শিক্ষার্থীরা অসুবিধায় পড়ছে বলে অভিযোগ করেন তারা। কয়েকজন শিক্ষার্থী জানায়, এ বিষয়ে প্রশ্ন তুললে তাদের উদ্দেশে অপ্রাসঙ্গিক মন্তব্য করা হয়।
এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও বাধ্যতামূলক কোচিং চালুর অভিযোগ রয়েছে। অভিভাবকদের দাবি, এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাসিক নির্ধারিত ফি দিয়ে কোচিংয়ে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতে ফি বৃদ্ধির অভিযোগও উঠেছে।
আরও অভিযোগ রয়েছে, সম্প্রতি একটি শিক্ষা সফরে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য নির্ধারিত অর্থ আদায় করা হচ্ছে। এতে আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা চাপে পড়ছে বলে জানান অভিভাবকরা।
এছাড়া আইডি কার্ড, ক্যালেন্ডার ও ডায়রি সরবরাহের মান এবং স্কুল থেকে খাতা কেনা বাধ্যতামূলক করার বিষয়েও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “শিক্ষার পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে কিছু নিয়ম করা হয়েছে। কোচিংয়ের বিষয়টি শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের জন্য। কিছু অভিযোগ ব্যক্তিগত আক্রোশ থেকে আসছে।”
ঢাকা জেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ বা কোচিং সংক্রান্ত অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান কঠোর।
এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।














