খেলাধুলা

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৫:৩৪:০৭ প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে সমর্থকদের খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও দুই ম্যাচের সিরিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ৯ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা।

প্রথম টেস্টে বল হাতে আগুন ঝরানো হাসান মাহমুদ সিরিজ ড্র হওয়ায় কিছুটা হতাশ, ‘সব খেলোয়াড়রাই চেষ্টা করেছে তাদের সেরাটা দিয়ে খেলার। সেটার প্রতিফলন এখন পর্যন্ত আমরা অনুভব করতে পারছি যে আমরা আসলে একটা জিনিসের জন্য যে লড়াই করেছিলাম, সেটা প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সিরিজটা ড্র হয়।’

টাইগার এই পেসার জানালেন শতভাগ আধিপত্য বিস্তার করতে না পারলেও ৮০% পেরেছেন তারা, ‘আমরা এখানে আসার আগে যেই স্বপ্নটা দেখেছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলব এবং আধিপত্য বিস্তার করব, আমার কাছে মনে হয় যে আমরা ১০০% না হলেও ৮০% পূরণ করতে পেরেছি।’

‘আমরা ইনশাআল্লাহ যত সময় ধরে এসব পরিস্থিতিতে খেলব, আধিপত্য বিস্তার করব এবং বড় বড় দলের সঙ্গে খেলব; আশা করব যে সামনে আরও, আরও ম্যাচ জিতব এবং আরও আধিপত্য বিস্তার করব বিশ্ব ক্রিকেটে।’

আরও খবর

Sponsered content