প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ১:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ
ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে সহজেই জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে দুর্দান্ত একটি গোল করেন রায়ান চেরকি, আর সাভিনিওর ডিফ্লেক্টেড শটেই সফরকারীদের বিদায় নিশ্চিত হয়।
রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ জয়ের দলের তুলনায় এই ম্যাচে সাতটি পরিবর্তন আনেন কোচ পেপ গার্দিওলা। তবুও ব্রেন্টফোর্ডের বিপক্ষে খুব একটা বেগ পেতে হয়নি সিটিকে, কারণ আক্রমণে সফরকারীরা ছিল বেশ নিষ্প্রভ।
টানা বৃষ্টির মধ্যে ধীরগতিতে শুরু হলেও ধীরে ধীরে সুযোগ তৈরি করতে থাকে সিটি। চেরকির একটি শট চলে যায় বাইরে দিয়ে, আরেকটি শট রুখে দেন গোলরক্ষক। ওস্কার ববও বক্সে ঢুকে ভালো সুযোগ নষ্ট করেন। তার দুর্বল শটটি সরাসরি গোলরক্ষকের হাতে যায়। ১৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বব, তার জায়গায় নামেন ফিল ফোডেন। ম্যাচের শেষ দিকে ফোডেনের বদলে ১৯ বছর বয়সী চার্লি গ্রে মাঠে নামেন এবং সিটির হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার।
ব্রেন্টফোর্ডের হয়ে প্রথমার্ধে একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি তৈরি করেন ম্যাথিয়াস ইয়েনসেন। তার নেওয়া একটি ফ্রি-কিক থেকে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে সেভ করতে হয়। তবে ৩২তম মিনিটে সিটির হয়ে গোলের খাতা খুলে দেন চেরকি।
সিটির একটি কর্নার প্রতিহত হলেও বলটি বক্সের বাইরে চেরকির পায়ে এসে পড়ে। তিনি বুকে বল নামিয়ে ডান পায়ে দুর্দান্ত শটে বল জড়ান জালের দূরের ওপরের কোণে-যা ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।
গোলের পর আর্লিং হালান্ডের বিখ্যাত ‘রোবট সেলিব্রেশন’ উদযাপন করেন চেরকি। এরপর বেঞ্চে বসে থাকা হালান্ডের সঙ্গে হাত মেলান তিনি, যাকে এই ম্যাচে বিশ্রামে রেখেছিলেন গার্দিওলা।
৬৭তম মিনিটে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিটি। সাভিনিও বল নিয়ে বক্সে ঢুকে শট নেন, যা ডিফেন্ডার ক্রিস্টোফার আইয়ারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে যায়।














