সাঈদ ইবনে হানিফ: ২২ মে ২০২৬ , ৭:৪২:৫১ প্রিন্ট সংস্করণ
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বাঘারপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও প্রদর্শনী মেলা। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “বিষমুক্ত সবজি উৎপাদনে জাতীয় পর্যায়ে বাঘারপাড়া উপজেলার কৃষকদের বিশেষ সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে কৃষকদের আরও যত্নবান হতে হবে।”
মেলাকে ঘিরে সকাল থেকেই উপজেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের বাদ্যে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। বেলা পৌনে ১২টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী সেচ ব্যবস্থা, নিরাপদ ফসল উৎপাদন কৌশল এবং বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা চাষ বিষয়ক মোট ১৫টি স্টল স্থান পেয়েছে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি উৎপাদনে বাঘারপাড়া দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। এ সুনাম ধরে রাখতে হলে কৃষকদের সততা বজায় রাখতে হবে। অধিক লাভের আশায় দ্রুত ফলন বাড়াতে শাকসবজিতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যাবে না।”
তিনি আরও বলেন, “বাঘারপড়ার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা রয়েছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা।
আলোচনা সভা শেষে ভারপ্রাপ্ত ইউএনও আল-ইমরান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।




















