প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩১:১৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন।
জানা গেছে, অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন। এমনকি পরের দিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ডেঙ্গু তাকে কেড়ে নেয়। ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ২১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।





















