প্রচ্ছদ

বিজয়নগরে একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগে মানববন্ধন

  শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২৮:১৫ প্রিন্ট সংস্করণ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভিটিদাউদপুর গ্রামে চাইল্ড কেয়ার একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন একাডেমির কয়েকশ’ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৬০ বছর আগে মুক্তিযুদ্ধেরও আগে থেকে ব্যবহৃত হয়ে আসা এ রাস্তাটি ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ এবং চাইল্ড কেয়ার একাডেমির তিন শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকের একমাত্র যাতায়াতের পথ। একইসঙ্গে গ্রামের একমাত্র সরকারি রেকর্ডভুক্ত কবরস্থান ও বিলে যাওয়ার জন্যও এই রাস্তাটি ব্যবহার হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল রাস্তাটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। এমনকি রাস্তার সংস্কার কার্যক্রমও বাধাগ্রস্ত করা হচ্ছে এবং স্থানীয়দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, “একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ হলে আমরা চরম ভোগান্তিতে পড়ব। তাই প্রশাসনের প্রতি দাবি, রাস্তাটি যেন খোলা রাখা হয় এবং কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।”

আরও খবর

Sponsered content