মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১:২২:০১ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে “এসএম ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার মনতলা শাহজালাল কলেজ মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
তিনি বলেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে। তবে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। “হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না।”
সাবেক এমপি সৈয়দ মো. ফয়সল আরও বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। যারা এ আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান।
শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “বিগত সরকার প্রধান নোবেল প্রাপ্তির আশায় দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়া করে দেশ, সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি মাদককে সমাজ ধ্বংসের মূল শেকড় উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষায় সরকার, সমাজ ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগ।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।











