ধর্ম

বিজয়নগরে লাল শাপলার বিল: প্রকৃতির আঁকা লাল গালিচা

  শাহনেওয়াজ শাহ্ , বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

 

ভোরের স্নিগ্ধ আলোয় জলে ভেসে থাকা লাল শাপলার সমাহার যেন প্রকৃতির আঁকা এক লাল গালিচা। হালকা বাতাসে দুলতে থাকা শাপলার সাথে ভোরের সোনালি কুয়াশা মিলেমিশে তৈরি করে স্বর্গীয় এক সৌন্দর্য। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।

উপজেলার ছতরপুর গ্রামের বিস্তীর্ণ জলাশয়টি এখন সর্বজনপ্রিয় “লাল শাপলার বিল” নামে পরিচিত। একসময় এটি ছিল মূলত মাছ ধরার ক্ষেত্র। কিন্তু এখন শাপলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে। ভোরে জেগে ওঠা অসংখ্য লাল শাপলা যেন জলের বুকে কার্পেটের মতো বিছিয়ে দেয় সৌন্দর্যের জাল। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউবা প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন স্মরণীয় সময়।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে শাপলার সৌন্দর্য উপভোগ করতে শুধু আশেপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন।

প্রকৃতিপ্রেমীদের মতে, শুধু শাপলার বিল নয়, এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে এখানে পর্যটন শিল্পের বিরাট সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে এই শাপলার বিল সংরক্ষণ ও পর্যটন সুবিধা বৃদ্ধি করা হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণকেন্দ্রে পরিণত হবে।

আরও খবর

Sponsered content