মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারা দেশের মতো বিরামপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি-র সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক নূর আলম, মৎস্য খামারি সুজন রানা, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মাহি প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




















